টটেনহ্যামের আনুষ্ঠানিক সাক্ষাৎকারে দে জেরবি বলেছেন, দল গঠনের প্রক্রিয়ায় ক্লাব ভালো অগ্রগতি করায় তিনি আনন্দিত ও গর্বিত।

images/01.png

দে জেরবি বলেন, “আমার খুব ভালো লাগছে, কারণ সবকিছুই মসৃণভাবে এগোচ্ছে। আমার বিশ্বাস, আমরা একটি দুর্দান্ত দল গড়ে তুলছি। কয়েকজন গুরুত্বপূর্ণ নতুন খেলোয়াড় যোগ দিয়েছেন এবং আমরা ক্লাবের ইতিহাসে আরও একটি নতুন অধ্যায় শুরু করছি।”

“এপ্রিল মাসে দলে যোগ দেওয়ার আগে ক্লাবের ইতিহাস বুঝতে আমি কিছু সময় ব্যয় করেছি। ক্লাবের মালিকের ভাবনা সম্পর্কে আমি ভালোভাবেই জানতাম এবং এভারটনের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের আগেই দলের পরিকল্পনা একেবারে স্পষ্ট হয়ে উঠেছিল।”

“এখন আমরা সেই পরিকল্পনার অংশ। শক্তিশালী দল গড়ে তোলার ব্যাপারে আমরা রোমাঞ্চিত। কাজটি এখন শেষ করতে হবে, কারণ নতুন খেলোয়াড় আনা কিংবা খেলোয়াড়দের বিদায়সংক্রান্ত সব কাজ এখনো সম্পন্ন হয়নি। তবে এই মুহূর্তে আমি খুবই আনন্দিত ও আশাবাদী।”

“আমাদের অবশ্যই দলের নিজস্ব বৈশিষ্ট্য গড়ে তুলতে হবে; একই সঙ্গে থাকতে হবে আত্মা, আবেগ ও মূল্যবোধ। এখন ফুটবল শুধু মাঠের বিষয় নয়; এটি আপনার জীবন এবং প্রতিদিন নিজের কাজ নিয়ে কতটা সময় ভাবছেন, তার সঙ্গেও জড়িত। টটেনহ্যামে থাকতে পেরে খেলোয়াড়দের আনন্দিত ও গর্বিত হতে হবে।”

“তোনালি, ফের্নান্দেস, সেনেসি, রবার্টসন ও ভ্যান হেকে—সবার সামর্থ্যই দারুণ। তবে সবার আগে আমরা ব্যক্তিগত গুণাবলির দিকে নজর দিই।”

দলের লক্ষ্য নিয়ে দে জেরবি বলেন, “গত মৌসুমে আমরা দলের লড়াকু মানসিকতা ফুটিয়ে তুলতে পেরেছিলাম। এখন আমাদের লক্ষ্য দলের খেলার ধরন ও সামর্থ্য তুলে ধরা।”

“গত মৌসুমের পরিস্থিতি এখনকার চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। তখন মৌসুমের শেষ দিকে মাত্র ৭টি ম্যাচ বাকি ছিল; হাতে সময় না থাকায় দলের খেলার নীতিগুলোতেও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না।”

“এখন সবকিছু প্রস্তুত করার সময় আমাদের আছে এবং আমরা আরও আকর্ষণীয় ফুটবল খেলতে চাই। আমার মতে, প্রিমিয়ার লিগের শীর্ষস্থানগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য টটেনহ্যাম। আমি জানি, প্রিমিয়ার লিগ অত্যন্ত কঠিন। তবে খেলোয়াড়দের প্রবলভাবে অনুপ্রাণিত করতে পারলে এবং মাঠের ভেতরে-বাইরে সুসংগঠিত থাকলে শেষ পর্যন্ত লক্ষ্য অর্জন সম্ভব।”

“আমি বড় দায়িত্ব অনুভব করি, কারণ টটেনহ্যামে আসার পর থেকেই সমর্থকেরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। টটেনহ্যামের প্রধান কোচ হওয়া আমার জন্য সম্মানের। দলকে ভালো ফল এনে দেওয়া, সমর্থকদের গর্বিত করা এবং একটি দুর্দান্ত টটেনহ্যাম গড়ে তোলাই আমার দায়িত্ব।”